নির্ধারিত সময়ের আগে নির্বাচনি প্রচারণা শুরু করার অভিযোগে ঢাকা–৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা–৮ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাসীরুদ্দীন পাটওয়ারীর বড় আকারের রঙিন ছবি, ‘সংসদ সদস্য প্রার্থী’ পরিচয় এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সংবলিত বিলবোর্ড নজরে এসেছে। নির্বাচন কমিশনের ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ বিধি অনুযায়ী ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। এ অবস্থায় এসব কার্যক্রম আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার মধ্যে সংশ্লিষ্ট সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কেন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে সোমবার সকাল ১১টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

প্রচারণা শুরুর চার দিন আগেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বড় বিলবোর্ড স্থাপন করায় নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।