জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম। জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিকে, ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ বলেন, দুপুর ১২টার দিকে তার ওপর হামলা চালানো হয়।
এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজের পর টানা গণসংযোগের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ। তিনি জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম শেষ হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তিনি আরও জানিয়েছেন, এ মুহূর্তে তার কর্মসূচি স্থগিত করা হয়েছে। সুস্থ হয়ে গেলে তিনি আবার কর্মসূচি শুরু করবেন এবং সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে।
ওই সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করব।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সেদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগের পরিকল্পনা ছিল।





