জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যকে ‘উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

শনিবার (১৯ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এনসিপি নেতার বক্তব্যের সমালোচনা করে লেখেন, “বড় দল হিসেবে দায়িত্বশীল আচরণ করা উচিত, উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা জরুরি।”

রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, যার ফলে চাঁদপুরে এনসিপির একটি রাজনৈতিক সমাবেশের আগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। তিনি দাবি করেন, “তখন নাসীরুদ্দীন পাটওয়ারী রাত ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ভাইকে ফোন দিয়ে সহায়তা চান। তিনি চাঁদপুরের নেতাদের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বলেন।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, এনসিপির শীর্ষ নেতারা এর আগে সালাহউদ্দিন আহমেদের বাসায় বসে দেশ ও রাজনীতি নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন। সে সময়ের কিছু ছবি ও ভিডিও এখনো রয়েছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খান বলেন, “বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সময় থেকে সালাহউদ্দিন আহমেদ ভাইয়ের সঙ্গে আমার ও ভিপি নুরুল হকের সম্পর্ক গড়ে ওঠে। কোটা সংস্কার আন্দোলনের সময়েও একসঙ্গে নানা বিষয়ে সমন্বয় করেছি।”

তিনি আরও বলেন, “সালাহউদ্দিন ভাই একজন আন্তরিক ও দূরদর্শী রাজনীতিক। যারা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছেন, তারা সেটা উপলব্ধি করবেন।”

রাশেদ খান এনসিপির নেতাদের প্রতি আহ্বান জানান, “আপনাদের উচিত আখতার হোসেনের মতো নেতৃত্বকে অনুসরণ করা। এনসিপি যদি টিকে থাকে, তবে তা আখতারের সততা ও সহনশীলতার ওপর ভিত্তি করেই হবে।”

তিনি বিএনপির তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, “বড় দল হিসেবে সহনশীল হতে হবে। উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়ে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হলে তার ক্ষতি আপনাদেরই বেশি হবে।”

পোস্টের শেষাংশে রাশেদ খান সতর্ক করে বলেন, “ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজনের সুযোগে ১/১১-এর মতো পরিস্থিতি ফিরে এলে সবাই বিপদে পড়বেন। তখন কেউই রক্ষা পাবেন না।”

তিনি আজকের ঘটনার নিন্দা জানিয়ে সব পক্ষকে ধৈর্য ও সহনশীলতার আহ্বান জানান।