গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শর্ট-টাইম মেমোরি লসের (স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ) শিকার হননি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পরিচালক বলেন, “নুরুল হক নুরের মাথায় আঘাতের কারণে আমরা শুরুতে উদ্বিগ্ন ছিলাম। প্রথম সিটি স্ক্যানে মস্তিষ্কে সামান্য রক্ত জমাট দেখা গেলেও পরবর্তী স্ক্যানে সেটি আর পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “অনেকে বলছেন, তার মেমোরি লস হয়েছে। তবে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা স্পষ্ট করে জানিয়েছেন, তার ইনজুরির ধরনে মেমোরি লস হওয়ার আশঙ্কা নেই।”

বর্তমানে নুরের শারীরিক অবস্থা প্রসঙ্গে ঢামেক পরিচালক বলেন, “এখন তার হালকা জ্বর রয়েছে। গত ১০ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি থাকলেও এর আগে জ্বর ছিল না। এটি ভাইরাল জ্বর হতে পারে, কিংবা আঘাতজনিত কারণেও জ্বর আসতে পারে। তবে তার আগে থেকেই ঠাণ্ডা ও অ্যালার্জির সমস্যা ছিল। জ্বর সেরে গেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে।”

চিকিৎসার শুরু থেকে গঠিত মেডিকেল বোর্ড প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনার দিনই তাকে হাসপাতালে আনার পর একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। নাকের হাড় ভেঙে রক্তপাত হচ্ছিল, তবে পরের দিন সেটি বন্ধ হয়ে যায়। চোয়ালের হাড়েও ফ্র্যাকচার ছিল, তা সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চোখে রক্ত জমাট বাঁধলেও বর্তমানে তা নেই এবং দৃষ্টিশক্তিও স্বাভাবিক রয়েছে।”