রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এখনও সন্ধান মেলেনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম উম্মে আফিয়া (৯)-র। নিখোঁজ মেয়ের খোঁজে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে স্কুলে আসেন তার মা তামিমা উম্মে ও স্বজনরা।


\r\n

সন্তানের খোঁজে স্কুলে গিয়ে শেষ পর্যন্ত ফিরতে হয় হতাশ হয়ে—হাতে শুধুই আফিয়ার পোড়া স্কুল ব্যাগ। দুপুর ১২টার দিকে কান্নাজড়িত অবস্থায় স্কুল ভবন থেকে বের হয়ে আসেন তামিমা। তার স্বজনদের হাতেও দেখা যায় স্কুল ব্যাগটি, যা উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে।


\r\n

আফিয়ার মামা সাব্বির জানান, “ভাগ্নির খোঁজ না পেয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়েছেন। শারীরিক অবস্থাও এতটাই খারাপ যে তিনি এখন কথাও ঠিকমতো বলতে পারছেন না। আমাদের বাড়ি তুরাগের চন্ডালভোগ এলাকায়।”


\r\n

বিমান দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহের জন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি হেল্প ডেস্ক চালু করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ আফিয়ার তথ্য জানাতেই সেখানে এসেছিলেন তামিমা ও তার পরিবারের সদস্যরা।


\r\n

উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও প্রিয় সন্তানের খোঁজ না পেয়ে অসহায় হয়ে পড়েছেন স্বজনরা। দ্রুত নিখোঁজদের সন্ধানে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।