পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। সর্বশেষ ফলাফলে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫৩৮ ভোটে পিছিয়ে পড়েছেন।
সোমবার ভোট গণনার শুরুতে তিনি এগিয়ে থাকলেও বিকেলের দিকে পরিস্থিতি পাল্টে যায়। ১৬ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী-এর কাছে পিছিয়ে পড়েন তিনি। তবে এখনো চার রাউন্ডের ফলাফল বাকি রয়েছে, যা এই আসনের চূড়ান্ত ফল নির্ধারণ করবে।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে নিজের অবস্থান ধরে রেখেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল প্রার্থী পবিত্র করকে প্রায় ১০ হাজারের বেশি ভোটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন তিনি।
ভোট গণনাকে কেন্দ্র করে ভবানীপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে গণনাকেন্দ্রে পৌঁছালে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিজেপি সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।
এর আগে গণনাকেন্দ্রের আশপাশে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি এবং বিক্ষোভের ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
উল্লেখ্য, ২০২১ সালে নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে টিকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের নির্বাচনে এই আসনেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।





