বিতর্কিত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি ও রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষে আইনজীবীরা জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন।
শুনানিকালে বিচারক জানতে চান, ২০১৮ সালের নির্বাচনে সিইসি নুরুল হুদার কোনো আত্মীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন কিনা। জবাবে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, তৎকালীন সিইসি নুরুল হুদা নিজের ভাগিনাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পাইয়ে দেন এবং নির্বাচনে তার বিপক্ষে নাম-পরিচয়হীন এক প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করেন।
রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ মিলে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি কলুষিত করেছে।
এর আগে সোমবার (২৩ জুন) একই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। বর্তমানে তিনি রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নির্বাচন প্রহসনের মামলায় আসামি হিসেবে আটক রয়েছেন।





