নোয়াখালীর জনসভায় ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রতীক না থাকায় নিজের হাতকে ‘শাপলা কলি’ বানিয়ে দুই প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় এই ঘটনা ঘটে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

বক্তব্যের একপর্যায়ে তিনি নোয়াখালীর ছয়টি আসনের ১১ দলীয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় নোয়াখালী-১, ৩, ৪ ও ৫ আসনের চার প্রার্থীর হাতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। তবে নোয়াখালী-২ আসনের এনসিপি নেতা সুলতান মুহাম্মদ জাকারিয়া ও নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদের ক্ষেত্রে হাতে কোনো প্রতীক না থাকায় তিনি নিজের হাত শাপলা কলির আকৃতিতে তুলে ধরে তাদের পরিচয় করিয়ে দেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, “আমার হাত ধরো, এটাই শাপলা কলি।” এরপর দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকের পক্ষে স্লোগান দেওয়া হয়। নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোটারদের কাছে প্রতীক দুটি তুলে ধরার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। সভায় জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।