শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির চেয়ারম্যান বা সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক (গ্র্যাজুয়েট) নির্ধারণ করা হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, গভর্নিং বডির চেয়ারম্যান বা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে স্নাতক ডিগ্রিকে বেসলাইন হিসেবে ধরা হবে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, সংশ্লিষ্ট ব্যক্তির দক্ষতা ও যোগ্যতাকেও গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নেতৃত্বে আনার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, আগের বিধানে অনেক ক্ষেত্রে সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষক হওয়ার শর্ত ছিল, ফলে সুযোগ সীমিত হয়ে পড়ত। এ কারণে অতীতে নেপোটিজম ও পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। নতুন ব্যবস্থার মাধ্যমে সেই ধারা থেকে বের হয়ে একটি স্বচ্ছ ও কার্যকর কাঠামো গড়ে তোলা হবে বলেও জানান তিনি।