ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে হাইকোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেন। বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গণির বেঞ্চ সোমবার এ আদেশ দেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ৯ সেপ্টেম্বর।
জানা গেছে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের প্রেক্ষিতে আদালত এ স্থগিতাদেশ দেন।
আদালতের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচন অবশ্যই নির্ধারিত সময়েই হওয়া উচিত।





