ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে এবং নির্বাচন কমিশন তাদের বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব অভিযোগ করেন। ফরহাদ বলেন, ভোটগ্রহণ, শিক্ষার্থীদের আগমন এবং নারী শিক্ষার্থীদের উপস্থিতি সবকিছু ভালোভাবে হচ্ছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
তবে তিনি উল্লেখ করেন, কিছু অনিয়ম লক্ষ্য করা গেছে। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ হলেও ছাত্রদল লাইনে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করছে। কনসার্ন জানালেও নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেনি।
ফরহাদ আরও অভিযোগ করেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন তাদের পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে প্রবেশাধিক্য দিয়েছে। তিনি বলেন, এ ধরনের আচরণ নির্বাচনী পক্ষপাতের পরিচয় বহন করছে এবং প্রশাসন এই বিষয়ে নীরব থাকায় খুবই দুঃখজনক।
শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, “এই নির্বাচন আপনাদের জন্য। সক্রিয় হয়ে ভোট দিন। আপনারা ভোট দিলে অন্যায়কারীরা ব্যর্থ হবে।”





