ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত করা উচিত নয়। এতে তারা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কের মধ্যে পড়তে পারে।


রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, “আমরা কমিশনকে জানিয়েছি, অল্প বয়সী ছাত্রদের সংসদ নির্বাচনের মতো জটিল প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। এই কাজে যুক্ত হলে তারা এবং তাদের প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতাভুক্ত ব্যক্তিরাই নির্বাচনী কাজে থাকা উচিত। আমরা শুনেছি ভবিষ্যতে স্কাউটদেরও যুক্ত করার কথা বলা হতে পারে। কমিশন আমাদের যৌক্তিকতা স্বীকার করেছেন এবং এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।”


তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় শান্তি কমিটি গঠনের গুঞ্জন আছে, যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। কমিশন জানিয়েছে, এ ধরনের কোনো কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের এলাকা থেকে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছেন। আইনের বাধা না থাকলেও ভোটের অন্তত দুই দিন আগে বহিরাগতরা তাদের এলাকা ত্যাগ করা উচিত বলে কমিশনকে জানানো হয়েছে, এবং কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


নজরুল ইসলাম খান আরও উল্লেখ করেন, প্রায় ৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে অনেক অপরিচিত প্রতিষ্ঠানও রয়েছে। বিএনপি মনে করে, যাদের সক্ষমতা আছে, তাদেরই পর্যবেক্ষণ দায়িত্ব দেওয়া উচিত। তবে ভোটকেন্দ্রে অতিরিক্ত পর্যবেক্ষক যেন নির্বাচনী কাজে বিঘ্ন সৃষ্টি না করে, সেদিকেও নজর দিতে হবে।


তিনি বলেন, গত এক-দেড় বছরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার মাইগ্রেশন ঘটেছে। যদিও কমিশন বলছে সংখ্যা মাত্র ২-৩ হাজার, তবে বিএনপি তথ্যটি সন্তোষজনক মনে করেনি। অনেক হোল্ডিং নম্বরে যেখানে ৪-৫ জন থাকার কথা, সেখানে ২০-৩০ জন ভোটারের অভিযোগ রয়েছে। তারা আসনভিত্তিক সঠিক তথ্য জানতে চেয়েছে এবং কমিশন তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।


নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচনী এলাকায় ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি থাকলেও সাধারণ মানুষ বা প্রার্থীরা সে সম্পর্কে তেমন অবগত নন। আমরা বলেছি, কমিটির কার্যক্রম যেন দৃশ্যমান করা হয়।


এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে বৈঠক করেন নজরুল ইসলাম খান।