নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।


\r\n

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানিতে অংশ নিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


\r\n

শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। কিন্তু শুধু ক্ষমতা থাকলেই হবে না, তা প্রয়োগ করতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে হলে ইসিকে কঠোরভাবে মব দমন করতে হবে। মব নিয়ন্ত্রণে না আনতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।


\r\n

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হবে। এমনকি প্রয়োজনে সরকারকেও নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি সংশোধনের সুযোগ পাননি। ভয়ের কারণে রিটার্নিং কর্মকর্তারাও অনেক ক্ষেত্রে আমাদের প্রার্থীদের কাগজপত্র গ্রহণ করতে পারেননি।


\r\n

জাপা মহাসচিব জানান, তাদের দল থেকে মোট ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তারা প্রায় ৩০ জনের মনোনয়ন বাতিল করেন। পরে ২৫ জনের বেশি প্রার্থী আপিল করেন। শনিবার প্রথম দফায় চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একটি আবেদন এখনও পেন্ডিং রয়েছে। বাকিগুলোও বৈধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


\r\n

সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা সংক্রান্ত আপিল নিষ্পত্তি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।