নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তাকিয়া বাজার এলাকায় গণসংযোগ চালিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছিলেন আবদুল হাই। এ সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

ইউএনও রিগ্যান চাকমা জানান, আচরণবিধি লঙ্ঘনের কারণেই এ জরিমানা করা হয়েছে। তিনি বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।”