রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করেছে। কমিশনার পাভেল আন্দ্রিভ নেতৃত্বে প্রতিনিধি দল ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় সফর করে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেয়।
সফরের সময় তারা ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন, যেখানে ৪০টিরও বেশি ভোটকক্ষ পর্যবেক্ষণ করা হয়। ভোটগ্রহণ থেকে গণনা শুরু পর্যন্ত তারা প্রতিটি ধাপে উপস্থিত ছিলেন। পর্যবেক্ষকরা জানান, ভোটকেন্দ্রে কর্মকর্তারা সু-প্রশিক্ষিত ছিলেন এবং ভোটারদের আগ্রহও ছিল যথেষ্ট। প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট সুষ্ঠুভাবে পরিচালিত হয়। পোলিং অফিসাররা দলীয় পোলিং এজেন্টদের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছতা নিশ্চিত করেছেন।
নিরাপত্তা জোরদার ছিল; ৯ লাখের বেশি পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। ভোট পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল। ভোটার উপস্থিতি আগের বছরের তুলনায় বেশি এবং অনেক ভোটার পরিবার বা শিশুদের সঙ্গে কেন্দ্রে এসেছিলেন।
পর্যবেক্ষকরা পোলিং এজেন্ট ও ভিডিও নজরদারির মাধ্যমে ভোট গণনার প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠকে পাভেল আন্দ্রিভ ভোট ব্যবস্থার মান ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। এছাড়া রাশিয়ার আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণ করেছিল। ২০১৯ সাল থেকে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একটি এমওইউ কার্যকর রয়েছে।





