চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার বেলা ১২টার দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী, কর্মী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য হতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।


বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ হবে দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল। নির্বাচনে বিজয়ী হলে সকলে মিলে মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা হবে।


এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমানসহ অন্যান্যরা।