ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের পরিকল্পনা করছে বিএনপি।


সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেন, “সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। এটা সেই প্রক্রিয়ারই অংশ। আমরা একটি বার্তা দিতে চাই—দলের ভেতরে ঐক্য থাকুক, জাতির মধ্যেও ঐক্য থাকুক। যাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, তাদের নিয়েই একটি বৃহৎ জোট গঠনের চিন্তা করছি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যেন এই নির্বাচনি লড়াইয়ে এগিয়ে যেতে পারি।”


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমাদের প্রার্থীদের প্রতি একটাই আহ্বান—বিভেদ নয়, ঐক্য বজায় রাখতে হবে। জাতির ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তা আমরা প্রার্থীদের দিচ্ছি।”


গত কয়েকদিন ধরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার চলছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সঙ্গে আলোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন।


জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে যুবদল সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতা-কর্মীরা জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নিরবসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।