আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন নয়।”


মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে আট দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


জামায়াত আমির বলেন, “আমাদের প্রথম দাবি—জুলাই বিপ্লবের স্বীকৃতি। যারা এই স্বীকৃতি মানবেন না, তারা ২০২৬ সালের নির্বাচনে অংশ নিতে পারবেন না। ২৬-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। আর সেই স্বীকৃতির জন্য ‘জুলাই সনদ’কে আইনি ভিত্তি দিতে হবে। এই ভিত্তি ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়।”


তিনি আরও বলেন, “দেশের মুক্তিকামী মানুষের একটাই দাবি—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে। গণভোটের ব্যাপারে সব দলই একমত। তাহলে তারিখ নিয়ে টালবাহানা কেন? যেহেতু সবাই স্বাক্ষর করেছে, সেহেতু গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত।”


ডা. শফিকুর রহমান বলেন, “এই গণভোটের মাধ্যমেই আইনি ভিত্তি তৈরি হবে, আর সেই ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তখন কোনো সন্দেহ বা সংশয় থাকবে না।”


তিনি আরও জানান, “আমরা চাই রোজার আগে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এ নিয়ে কেউ বিভ্রান্তি বা জটিলতা তৈরি করার চেষ্টা করবেন না।”