আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া সব অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরি বলে মনে করছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘বৃহত্তর চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর সেল’-এর সঙ্গে মতবিনিময় সভার পর তিনি এ মন্তব্য করেন।
ইসি সানাউল্লাহ বলেন, গত ১৩ ডিসেম্বর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে অভিযান চলমান। এ পর্যন্ত অভিযান থেকে ২০০টির বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ভোটারদের কেন্দ্রে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ভোটাররা সক্রিয়ভাবে ভোট দিতে এগোচ্ছেন। অতীতে যেসব নেতিবাচক ঘটনা ঘটেছিল, সেগুলি এবার পুনরাবৃত্তি হবে না—ইনশাআল্লাহ।
আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, “যে অপারেশনগুলো করছেন, সেগুলোর ফলাফল মিডিয়ায় তুলে ধরুন। কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি অপরাধ করে পলাতক হওয়ার চেষ্টা করে, তারা যেন উৎসাহিত না হয়। কারণ তারা জানবে, অপকর্ম করলে ধরা পড়তে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বসতি রয়েছে। নির্বাচনের সময়ে স্বার্থান্বেষী মহল তাদের টার্গেট করতে পারে, যা অতীতেও ঘটেছে। এ ধরনের পরিস্থিতি নজরে রাখতে হবে।
নির্বাচন কমিশনার বলেন, বৃহত্তর চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সীমান্তবর্তী সংবেদনশীল এলাকার সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।





