আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, এ রায় শহীদদের আত্মার শান্তি এনে দিয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে। তিনি আরও বলেন, দল হিসেবে তারা আওয়ামী লীগের বিচার দাবি করছেন।

তিনি দাবি করেন, নির্বাচনের আগে দণ্ড কার্যকর হলে জনগণ স্বস্তি নিয়ে ভোটে অংশ নিতে পারবে। তিনি যেকোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান জানান।