নির্বাচনের আগে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, হত্যাকারীদের চিহ্নিত ও বিচার নিশ্চিত না করে তড়িঘড়ি নির্বাচন দিয়ে পার পাওয়া যাবে না। বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, আপনি বলেছেন শহীদ শরিফ ওসমান হাদিকে আপনি ধারণ করেন। কিন্তু জানাজার দিনও আপনি এই হত্যার বিচার কীভাবে হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি। এত বড় একটি হত্যাকাণ্ডের পর বিচার নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। আমরা আপনার অসহায়ত্ব দেখেছি। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার ব্যাখ্যাও চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আর শুধু রক্ত দেবে না। যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদের খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তা না হলে জনগণ নিজেরাই প্রতিরোধে নামতে বাধ্য হবে। একবার রক্তপাত শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কারও পক্ষে সম্ভব হবে না। তাই অবিলম্বে ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
\r\nইনকিলাব মঞ্চ জানিয়েছে, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত থাকবে।





