নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ তার সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে নির্বাচনের মাঠ ত্যাগ করা হবে।


শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।


হান্নান মাসউদ অভিযোগ করেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন চলাকালে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয়। তিনি বলেন, “চিহ্নিত এই সন্ত্রাসীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”


তিনি আরও জানান, “হাতিয়ায় সরকারি তালিকাভুক্ত অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমাদের নির্বাচনে থাকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। প্রশাসনকে বারবার জানালেও আমরা কোনো কার্যকর প্রতিকার পাচ্ছি না।”


এর আগে দুপুরে হাতিয়ার ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।


হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতীক পাল জানান, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “আমি বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের অনুষ্ঠানে আছি। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।”