জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম শুধু পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিলে হবে না; বরং তা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে।


শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনটি ছিল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ।


নাহিদ ইসলাম বলেন, “নতুন বাংলাদেশের ইশতেহারে আমরা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরবো। এরই ধারাবাহিকতায় আমরা ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেছি। এতে অংশ নেওয়া সব সংগঠন ও ব্যক্তিকে ধন্যবাদ জানাই।”


তিনি বলেন, “জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচারব্যবস্থার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। আমরা ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’-এর কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব পক্ষকে নিয়ে জুলাই সনদ প্রকাশ করা হবে—এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”


তবে সব বিষয়ে পূর্ণ ঐকমত্য এখনো হয়নি বলে জানান তিনি। তার ভাষায়, “জুলাই সনদের বেশিরভাগ বিষয়ের ওপর ঐকমত্য থাকলেও কিছু বিষয়ে আমাদের ভিন্নমত রয়েছে, যা আমরা ‘নোট অব ডিসেন্ট’ আকারে জানিয়েছি। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে কিংবা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও পরিষ্কার করে কিছু বলা হয়নি।”


তিনি আরও বলেন, “আমরা চাই, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হোক এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচন, সংসদ বা গণপরিষদ গঠিত হোক। সনদের কার্যকর প্রয়োগ অন্তর্বর্তীকালীন সরকার থেকেই শুরু হওয়া জরুরি।”