চট্টগ্রাম, ১৪ নভেম্বর – বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে জমে থাকা সমস্যার সমাধান শুধুমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব। শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজিত এক সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
\r\nতিনি বলেন, এখন রাজনৈতিক পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনগণের প্রধান প্রত্যাশা হলো গণতান্ত্রিক পরিবেশে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজন। ছোটখাটো বিষয়গুলো নিয়ে মানুষের তেমন আগ্রহ নেই; সবার দৃষ্টি নির্বাচনকেন্দ্রিক।
\r\nশেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় প্রসঙ্গে আমীর খসরু বলেন, রায়ের দিকনির্দেশ সম্পূর্ণভাবে বিচার বিভাগের ওপর নির্ভরশীল। তাই সকলকে বিচারব্যবস্থার প্রতি আস্থা রাখতে হবে।
\r\nএর আগে সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে সকলের জন্য বিনামূল্যে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে। সেমিনার শেষে তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সামিটে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।





