বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, নির্বাচনে বিএনপির জয়কে স্বাগত জানায় বেইজিং এবং নবনির্বাচিত সরকারের সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চীন প্রস্তুত।
মুখপাত্র বলেন, বাংলাদেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটিকে অভিনন্দন জানায় চীন।
তিনি আরও বলেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন বাংলাদেশকে তার অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে সমর্থন করে।
একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উচ্চমান বজায় রাখা, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা গভীর করা এবং দুই দেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও জোরদার করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।





