বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন শান্তি ফিরানো সবচেয়ে জরুরি। আমরা নির্বাচিত হয়ে সরকারে এলে সবার আগে দেশের শান্তি নিশ্চিত করব।


বুধবার (২৮ জানুয়ারি) তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানি ও ছেপড়িকুড়া এলাকায় একাধিক নির্বাচনী পথসভায় এ কথা বলেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছর ধরে ভোট প্রক্রিয়ায় বাধা দিয়েছে ফ্যাসিস্ট সরকারের প্রশাসন ও পুলিশ। তাই আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই নির্বিঘ্নে ভোট দিতে চাই। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে।


নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতার দিক তুলে ধরে তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে বসতবাড়ির অর্ধেক বিক্রি করেছি, কিন্তু কারো কাছ থেকে কখনো কোনও প্রকার উপকার বা সুবিধা গ্রহণ করিনি।


মহাসচিব আরও বলেন, আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি চাই না। আমাদের লক্ষ্য এই দেশে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করা।


এই সময় তিনি উপস্থিত সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।