আইপিএলের মিনি নিলাম শুরু হতেই ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত ১৮ বছরের নিলাম রেকর্ড ভেঙে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
\r\nমঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে কিনে নেয় কলকাতা। এর মাধ্যমে তিনি স্বদেশি মিচেল স্টার্ককে ছাড়িয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হন।
\r\nএর আগে ২০২৪ সালের নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে দেশি ও বিদেশি মিলিয়ে আইপিএলের নিলামে এখনো সর্বোচ্চ দাম রেকর্ড রয়েছে ভারতের উইকেটকিপার ব্যাটার রিশভ পন্তের। তাকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
\r\nনিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। গত নিলামে পাঞ্জাব কিংস তাকে কিনেছিল ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে। এই তালিকায় স্টার্ককে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এলেন ক্যামেরন গ্রিন।
\r\nগ্রিনের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। শুরুতে তাকে নিতে লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। ১৩ কোটি ৪০ লাখ রুপি পর্যন্ত গিয়ে রাজস্থান সরে দাঁড়ায়, কারণ তাদের হাতে ছিল ১৬ কোটি ৫ লাখ রুপি। পরে কলকাতার সঙ্গে প্রতিযোগিতায় যোগ দেয় চেন্নাই সুপার কিংস, যাদের বাজেট ছিল ৪৩ কোটি ৪০ লাখ রুপি। চেন্নাই ২৫ কোটি রুপি পর্যন্ত দর হাঁকালেও শেষ পর্যন্ত কলকাতার কাছেই হার মানে।
\r\nএর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছেন ক্যামেরন গ্রিন। নিলামের শুরু থেকেই তাকে ঘিরে বড় দামের আলোচনা চলছিল, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়।
\r\nআইপিএলে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ব্যাট হাতে এক সেঞ্চুরি ও দুটি ফিফটির সহায়তায় ৭০৭ রান করেছেন গ্রিন। বল হাতে ৯.০৮ ইকোনমি রেটে নিয়েছেন ১৬ উইকেট।





