চট্টগ্রাম নগরে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালেই নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল করেছে। মিছিলটি নগরের কাজীর দেউড়ি এলাকায় অনুষ্ঠিত হয় এবং এটি কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে আয়োজিত বলে জানা গেছে।

মিছলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর’ লেখা একটি ব্যানার হাতে মিছিলে অংশ নিচ্ছেন। মিছিল চলাকালে তারা শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম সংবাদমাধ্যমকে জানান, “নিষিদ্ধ ছাত্রলীগের সাত-আটজন নেতা ১৫ সেকেন্ডের এই মিছিল বের করেন। সকলকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এর আগে গত রোববার ভোরে নগরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তখন তিনজনকে গ্রেপ্তার করা হয়।