ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বিআরটিসি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে রেইনবো ক্রসিং এলাকায় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং পরে মগবাজার ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লাগে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে রাজধানীর মগবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে নামার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে সামনে থাকা কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত বাসটি ফ্লাইওভারের অংশে আঘাত করে।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। বাসে থাকা এক শিক্ষার্থী জানান, “ঢাবির ‘ক্ষণিকা’ বাসটি নামার সময় হঠাৎ দুর্ঘটনায় পড়ে। আমি বাসেই ছিলাম, আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি।”
পরে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে।





