বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু দল নীতি, আদর্শ বা পরিকল্পনা ছাড়া শুধুমাত্র ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে। বিএনপির পক্ষ থেকে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিস্তারিত ও সুসংহত পরিকল্পনা রয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমাদের লক্ষ্য হলো জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়া। জনগণকে বোঝাতে হবে যে, আমরা কিভাবে দেশ পরিচালনা করব।”
\r\nসালাহউদ্দিন আরও বলেন, “যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশন কোথায়। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে সুষ্ঠু পরিকল্পনা না করি, তবে আমরা নিজেই ব্যর্থ হওয়ার পথ বেছে নিচ্ছি। নীতি-আদর্শ এবং পরিকল্পনার অভাবে শুধুমাত্র ধর্মের নামে প্রতারণা করার চেষ্টা করা দলগুলো জনগণের কাছে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।”
\r\nঅনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “জামায়াত ধর্মের নামে ব্যবসা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।”
\r\nবিএনপির সাত দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন আজ অনুষ্ঠিত হলো। কর্মসূচির মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করা হচ্ছে এবং সেই ভিত্তিতে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। কর্মসূচির দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। গতকালই উদ্বোধন করা হয় এই সাত দিনব্যাপী কর্মসূচি, যা ১৩ ডিসেম্বর শেষ হবে।





