গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


গত ৪ সেপ্টেম্বর গঠিত তিন সদস্যের এই তদন্ত কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা। শুরুতে কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল, যা ১৯ অক্টোবর শেষ হয়। নতুন আদেশ অনুযায়ী, কমিশনের মেয়াদ ২০ অক্টোবর থেকে কার্যকর হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।


কমিশনের অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।


তদন্ত কমিশন হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়েও পরামর্শ দেবে।


প্রজ্ঞাপনে আরও জানানো হয়, তদন্ত কার্যক্রমে কমিশনকে সাচিবিক সহায়তা ও ব্যয় নির্বাহের দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যেকোনো ব্যক্তিকে সহায়তার জন্য দায়িত্ব দিতে পারবে।


উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে দলের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লাঠিচার্জে নুরুল হক নুর গুরুতর আহত হন।