গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তার দাবি, নির্বাচন ঘোলাটে করা ও পিছিয়ে দেওয়ার জন্য জামায়াত পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের ওপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আমানউল্লাহ আমান বলেন, ছাত্রশিবিরের মূল সংগঠন জামায়াতে ইসলামী। তারা এ মুহূর্তে কোনো নির্বাচন চায় না। এজন্য সারা দেশে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। নুরুল হক নুরের ওপর হামলাসহ সাম্প্রতিক বেশিরভাগ ঘটনায় উভয়পক্ষেই জামায়াতের লোকজন ছিল। তারা ভেতরে ঢুকে পরিস্থিতি অস্থির করছে এবং পরে দাবি করছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রই তারা করছে।
ডাকসু নির্বাচন নিয়ে রিটকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রসঙ্গে তিনি বলেন, শিবির দাবি করে তারা চেইন অব কমান্ডের বাইরে যায় না। তাহলে তাদের কর্মীরা যে নারী শিক্ষার্থীকে হেনস্তা করেছে, সেটিও কি তাদের নির্দেশেই হয়েছে? যদি তাই হয়, তবে এটিই তাদের প্রকৃত আদর্শিক অবস্থান।
রাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিকল্পিতভাবে শিবিরকে জেতানোর চেষ্টা করছে। পুরো প্রশাসনই জামায়াতকরণ হয়ে গেছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো রগ কাটার ইতিহাস ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে প্যারিস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্যারিস রোডে এসে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।
কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জহুরুল হক সরদারসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য, রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিসহ বিভিন্ন ইস্যুতে কয়েক দিন ধরে আন্দোলন চালাচ্ছে রাবি শাখা ছাত্রদল। তারই অংশ হিসেবে মঙ্গলবার তারা এ কর্মসূচি পালন করে।





