ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তারকা ফুটবলার নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে ছয় মাস সময় বেধে দিয়েছেন। আনচেলত্তি বলেছেন, নেইমার তালিকায় আছেন এবং এখন সুস্থ। তবে তাকে নিজেকে প্রমাণ করতে হবে এবং মাঠে পারফরম্যান্স দেখাতে হবে।
তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “ব্রাজিলিয়ান লিগ শেষ হলে নেইমারের কিছুদিন ছুটি থাকবে। এরপর তাকে আবার নিজের যোগ্যতা, মান এবং ফিটনেস প্রমাণ করতে হবে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে আমাদের হাতে ছয় মাস সময় আছে। দলে পরিবর্তন আনা প্রয়োজন কি না, তা জানার জন্য সবাইকে পর্যবেক্ষণ করা হবে।”
এমন পরিস্থিতিতে নেইমারকে দলে রাখার জন্য তার সেরাটা দেখানো জরুরি। তবে শেষ পর্যন্ত স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে তার অবস্থান নিশ্চিত নয়। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল জানিয়েছে, কোচিং স্টাফদের মধ্যে নেইমারকে ‘বদলি খেলোয়াড়’ হিসেবে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এতে বিশেষ কোনো ম্যাচে বা মুহূর্তে তার পার্থক্য তৈরি করার সুযোগ থাকবে।
প্রকৃত ক্ষেত্রে এটি সহজ কাজ নয়, কারণ নেইমারকে রাজি করানো চ্যালেঞ্জিং। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মনে করছে, আনচেলত্তির কূটনৈতিক দক্ষতায় সমস্যাটি সমাধান করা সম্ভব। এর আগে নেইমার শুধুমাত্র প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন; অফিশিয়াল ম্যাচে কখনো নয়। এখন দেখার বিষয়, এই পরিকল্পনা বাস্তবায়িত হয় কি না।





