এশিয়া কাপের আগে শেষ প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত এই সিরিজ খেলতেই আজ বাংলাদেশ দল সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে।
তবে দলের সঙ্গে থাকছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তিনি ১৫ দিনের ছুটি পেয়েছেন। আগামী ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মিরাজের ছুটি মঞ্জুর করা হয়েছে। জানা গেছে, এই সময় তিনি সন্তানসম্ভাবনা স্ত্রীর কাছে থাকবেন।
এখনও দ্বিপক্ষীয় সিরিজের জন্য দল ঘোষণা করা হয়নি। তবে বিষয়টি তাড়াহুড়া নয়, কারণ সিরিজের প্রথম ম্যাচ আগামী ৩০ আগস্ট, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। এদিকে এশিয়া কাপের দল ঘোষণা করতে হবে ২২ আগস্টের মধ্যে, যা এসিসি নির্ধারিত সময়সীমা। ইতিমধ্যে পাকিস্তান ও ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে হংকংয়ের বিপক্ষে।
\r\n\r\n\r\n
মিরাজের ছুটি মহাদেশীয় টুর্নামেন্ট শুরুর আগেই শেষ হয়ে যাবে। দলে সুযোগ পেলে এই ২৭ বছর বয়সী অলরাউন্ডার ব্যাট-বলে সংযুক্ত আরব আমিরাত মাতাতে চাইবেন।





