গলাচিপা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মুফতী আবুবকর সিদ্দিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বেলা ১টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসানের দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় ইসলামি যুব আন্দোলনের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আবুবকর সিদ্দিক বলেন, “পটুয়াখালী-৩ আসনের গলাচিপা-দশমিনা এলাকায় সর্বপ্রথম হাত-পাখা প্রতীকের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন সংগ্রহ করেছি, এটি আনন্দের বিষয়। আমরা কোনো জনসংযোগ ঘটাতে চাইনি, কিন্তু আমাদের নেতা-কর্মীরা স্বতঃস্ফুর্তভাবে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে আনন্দ এবং উৎসবের আবহ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা জয়ের পথে আছি, ইনশাল্লাহ। একই সাথে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আমরা আইনের সুবিধা গ্রহণ করব এবং সবাই আইন মেনে কাজ করব। আমরা আশা করি, অন্যান্য দলের সহপ্রার্থীও সহাবস্থানমূলকভাবে ও সৌহার্দ্যের সাথে একটি সম্প্রীতিশীল গলাচিপা-দশমিনা গড়ে তুলবেন।”
তিনি আরও বলেন, “৮দলীয় একটি সমঝোতা দৃশ্যমান, তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। আশা করি আগামী ২১ বা ২২ তারিখের মধ্যে পুরোপুরি রূপরেখা প্রকাশ পাবে। বাংলাদেশ জামায়েত ইসলামী গতকাল বিভিন্ন এলাকায় ৫৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং আজও বিভিন্ন জায়গায় চলছে। প্রতিটি দলের নেতা-কর্মী মনোনয়ন সংগ্রহে রাখছেন, যাতে প্রয়োজনে বিকল্প প্রার্থী রাখা যায়।”
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কর, দশমিনা উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল, উপজেলা সহসভাপতি মোশাররফ হোসেন মাতব্বর, পৌর সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. নাজমুল হুদা রিপন, আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. ফোরকান গাজী প্রমুখ।