পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি : সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং শপিংমল, মার্কেট ও বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭:০০ ঘটিকার পর বন্ধ রাখার নির্দেশ বাস্তবায়নে জেলা প্রশাসন, পটুয়াখালীর মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই প্রেক্ষিতে, আজ ২২.০৪.২০২৬ তারিখে পটুয়াখালী শহরের পায়রা, রূপালী, সরকার ও এস.এস. ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ চেইন ও বিতরণ কার্যক্রম তদারকি করা হয়। তদারকির অংশ হিসেবে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনসমূহে ডিপো হতে গৃহীত তেলের রেজিস্টার, বিক্রয় সংক্রান্ত তথ্য এবং মজুদ (স্টক) রেজিস্টার যাচাই করা হয়। একইসঙ্গে সরকার নির্ধারিত বিধি-বিধান অনুসরণপূর্বক জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় সন্ধ্যা ৭:০০ ঘটিকার পর সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দোকান মালিকদের সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে দোকানসমূহ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়।
কৃষিজমির উর্বর উপরের স্তর (টপ সয়েল) কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি সাধনের অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় কলাপাড়া উপজেলার নাচনাপাড়া এলাকায় তিনটি ইটভাটা- মেসার্স ভাই ভাই ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস এবং মেসার্স দেশ ব্রিকস- এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং অনুমতিবিহীনভাবে টপ সয়েল সংগ্রহের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বন বিভাগের সহকারী বন সংরক্ষকের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত ইটভাটাগুলোর বিরুদ্ধে সর্বমোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একইসঙ্গে কাঁচা ও প্রস্তুতকৃত ইট, ড্রাম চিমনি এবং ভাটার চুল্লি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
একই দিনে, এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন না করে অর্থ আত্মসাৎ, অনুমোদনবিহীনভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা, অতিরিক্ত ফি আদায় এবং অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অভিযোগের প্রেক্ষিতে কলাপাড়া পৌর শহরের গার্লস স্কুল সংলগ্ন অনির্বাণ মডেল স্কুলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লিখিত অনিয়মসমূহের সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কাউছার হামিদ কর্তৃক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।





