চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা ৪৫ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমিশনার ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার।

অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও বাংলাদেশ পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩০টি ড্রামে সংরক্ষিত অবৈধ ডিজেল উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ডিজেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি পরিবহনের সময় একটি চক্র অবৈধভাবে তেল অপসারণ করে স্থানীয়ভাবে বিক্রি করছিল।

জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন নজরদারি জোরদার করেছে। পাশাপাশি তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কার্যক্রম প্রশাসনিক তত্ত্বাবধানে আনা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।