চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ব্যতিক্রমী আয়োজনে পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে ‘জনতার ইশতেহার’ ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। আধুনিক ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্য নিয়ে তিনি এই ইশতেহার উপস্থাপন করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের চর বাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মাপাড়ে এ ইশতেহার ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এই প্রথম নদীতীরে এমন ব্যতিক্রমী নির্বাচনী আয়োজন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যসহ নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, কৃষক-শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইশতেহারে নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে ‘গ্রিন ও ক্লিন টাউন’-এ রূপান্তর করা হবে। সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূল করে একটি নিরাপদ ও মানবিক নগরী গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩৪ দশমিক ৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য দূর করে আত্মনির্ভর জেলা গঠনই হবে তাঁর প্রথম লক্ষ্য। ইশতেহারে আরও রয়েছে প্রযুক্তিনির্ভর জেলা গড়া, শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলা, সুশাসন ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ এবং চরাঞ্চলের জন্য নৌ-অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা।

এ ছাড়া নদীভাঙন রোধ, রিভার ড্রাইভ ও পর্যটন কেন্দ্র নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি প্রশিক্ষণ জোরদার, রেল ও সড়ক যোগাযোগ উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা ও শিল্পখাতে বিনিয়োগ, মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “ইশতেহার শুধু ঘোষণা নয়, বাস্তবায়নই আমার মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী যেটা পারে, সেটাই বলে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।