বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, \"পরিবেশগত বিষয়কে অজুহাত হিসেবে দেখিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই।\"
রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন।
তিনি বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত দাবি ছিল। আগের সরকার থেকেই আমরা এই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য চেষ্টা করে আসছি। প্রতিষ্ঠার পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদনের ভিত্তিতে নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী সরকারের সময়ে এটি বাস্তবায়ন করা হয়নি।”
মাওলানা রফিকুল ইসলাম খান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে নির্ধারিত স্থানেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”
তিনি আরও বলেন, “দুই দিন আগে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমাকে জানিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় চলনবিল সংশ্লিষ্টতা দেখিয়ে একটি বাধা তৈরি করেছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, চলনবিলের সঙ্গে এই জায়গার কোনো অফিসিয়াল সম্পর্ক নেই। শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার এই অংশে চলনবিলের আওতা পড়ে না।”
সংহতি প্রকাশকালে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।






