দেশে জ্বালানি তেলের সংকটের প্রভাবে পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ মার্চ) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল নেওয়ার জন্য মানুষের যে দুর্ভোগ দেখা যাচ্ছে—কিলোমিটারের পর কিলোমিটার লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা—এটি সত্যিই কষ্টের। রোজা রেখে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকের গাড়ির তেল একেবারে শেষ হয়ে গেছে।”
ডা. শফিকুর রহমান বলেন, “এই সংকট সাধারণ মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও প্রভাব ফেলছে। সামনে ঈদের যাত্রা শুরু হবে। যদি পরিস্থিতি দ্রুত সমাধান না হয়, তাহলে মানুষের ঈদযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। আমরা আগেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিতে। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তাই সরকারের প্রতি আবারও অনুরোধ—আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।”
তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে যোগ করেন, “এই সময়ে ধৈর্য ধরুন এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই সংকট থেকে উত্তরণের তাওফিক দিন।”





