জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের জন্য তেলের রেশনিং পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে তিনি বলেন, “গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকবে না। দূরপাল্লা ও স্থানীয় গণপরিবহনে তেলের রেশনিং আজ রাত থেকেই শেষ হচ্ছে।”

এর আগে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব দেশের জ্বালানি সরবরাহে জটিলতা তৈরি করেছিল। এর কারণে গত ৬ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সীমিতভাবে তেল সরবরাহের নিয়ম কার্যকর করেছিল। সে নিয়ম অনুযায়ী মোটরসাইকেলে দিনে ২ লিটার, এসইউভি ও মাইক্রোবাসে ২০–২৫ লিটার, পিকআপ বা লোকাল বাসে ৭০–৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক বা কনটেইনার ট্রাকে দৈনিক ২০০–২২০ লিটার তেল দেওয়া হতো।

গণপরিবহনের ক্ষেত্রে এই রেশনিং তুলে দেওয়া হলেও ব্যক্তিগত যানবাহনের জন্য নতুন কোনো নির্দেশনা এখনো দেওয়া হয়নি।