বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর অনুষ্ঠিত হবে পাঁচ দল নিয়ে। এবার ফ্র্যাঞ্চাইজি দল হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেটের নামে। যদিও এখনো ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম চূড়ান্ত হয়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, “এবার বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখিয়েছে ১১টি প্রতিষ্ঠান। তাদের নথিপত্র ও পূর্ব অভিজ্ঞতা যাচাই-বাছাই শেষে ৫টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হয়েছে।”
আগামী পাঁচ বছরের জন্য এই পাঁচ প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাবে বলে জানান মিঠু। তার ভাষায়, “আর্থিক সক্ষমতা, ব্যবস্থাপনা ও পূর্ব অভিজ্ঞতা যাচাই করেই প্রতিষ্ঠানগুলো বাছাই করা হয়েছে।”
গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, যদি আবেদন অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ দেওয়া হয়, তবে—
ঢাকার দল পাবে রিমার্ক হরল্যান,
চট্টগ্রামের দল পাবে ট্রায়াঙ্গেল সার্ভিসেস,
সিলেটের দল পাবে ক্রিকেট উইথ সামি,
রংপুরের মালিকানা পাবে বসুন্ধরা গ্রুপ,
আর রাজশাহীর দল যাবে দেশ ট্রাভেলস বা নাব গ্রুপের কাছে।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে কারা কোন ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে, তা ঘোষণা করা হয়নি। এবারের আসরে দলগুলোর নাম নিজেরা ঠিক করতে পারবে না, বরং বিসিবিই নাম নির্ধারণ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের বিশ্রামের কথা বিবেচনা করে ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে মাত্র ২৯ দিনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
ইফতেখার রহমান মিঠু জানান, আগামীকাল (৫ নভেম্বর) থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা নেওয়া শুরু হবে। দলগুলোকে পাঁচ দিনের মধ্যে ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ কোটি টাকা জমা দিতে হবে। এই টাকা না জমা দিলে প্লেয়ার্স ড্রাফটে অংশ নেওয়া যাবে না।





