ইরান নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে দেশটি এই প্রস্তাব উপস্থাপন করে বলে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। এ তথ্য দ্য গার্ডিয়ানও প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখার দাবি তোলে। তবে ইরানের পাঁচ বছরের প্রস্তাব ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছে বলে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়। যদিও এ তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামাবাদে আলোচনার সময় দুই দেশই নিজেদের প্রস্তাব বিনিময় করে। তবে স্থগিতাদেশের সময়সীমা নিয়ে বড় ধরনের মতপার্থক্য থেকে গেছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মতভেদ থাকলেও একটি শান্তিচুক্তির দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।