চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার (৮ নভেম্বর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাজটি বন্দরে পৌঁছালে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা অভ্যর্থনা জানায়।
সফরকালীন সময়ে জাহাজটির অধিনায়ক ও কর্মকর্তারা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া জাহাজের কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এবং নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করবেন।
একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তান নৌবাহিনীর জাহাজটি পরিদর্শন করবেন।
নৌবাহিনী জানায়, এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
উল্লেখ্য, চার দিনের সফর শেষে আগামী বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ত্যাগ করবে জাহাজটি।





