বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট কি কখনও পাকিস্তানে যাবেন? এমন সরাসরি প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। প্রতিবেশী দেশের এক ভক্তের করা সেই প্রশ্নে আলিয়ার উত্তর ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

নিউজ এইট্টিনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন আলিয়া ভাট। সেখানে আন্তর্জাতিক সিনেমা ও বিদেশে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় দর্শক আসন থেকে এক পাকিস্তানি ভক্ত তাকে প্রশ্ন করেন, তিনি কি কখনও পাকিস্তানে যাবেন?

এই প্রশ্নের সরাসরি হ্যাঁ বা না বলেননি আলিয়া। উত্তরে তিনি জানান, কাজের প্রয়োজনে তিনি যে কোনো জায়গাতেই যেতে প্রস্তুত। অভিনেত্রীর এই সংযত ও কৌশলী বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, পাকিস্তানের নাম এড়িয়ে যাওয়া মানেই সেখানে যাওয়ার সম্ভাবনা নেই। আবার অনেকে বলছেন, আন্তর্জাতিক মঞ্চে এমন সংবেদনশীল প্রশ্নে ভারসাম্যপূর্ণ উত্তরই দিয়েছেন আলিয়া।

বলিউডে ১৩ বছরের ক্যারিয়ারে ভিন্নধর্মী ও সফল সব সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন আলিয়া ভাট। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতেও আগ্রহী এই তারকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পথচলা শুরু করেছেন তিনি, যা তার ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

আলিয়ার সাম্প্রতিক মন্তব্য আবারও দেখিয়ে দিল, আন্তর্জাতিক অঙ্গনে তার প্রতিটি কথাই কতটা গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।