রাতের দুবাইয়ে যখন ক্রিকেট মাঠে পাকিস্তানের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাংলাদেশ, ঠিক তখনই কলম্বোর সবুজ গ্যালারিতে উড়ে বেড়াল লাল-সবুজের জয়ধ্বনি। সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ কিশোর দল।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে বাংলাদেশ। প্রথম চার মিনিটেই জোড়া গোল করে কার্যত নিশ্চিত করে ফেলে ফাইনালের টিকিট। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষকের বড় ভুল থেকে প্রথম গোল পায় বাংলাদেশ। সতীর্থকে পাস দিতে গিয়ে বল ফসকে দেন তিনি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে।
এক মিনিট পরই আসে দ্বিতীয় গোল। ডান দিক দিয়ে একক দৌড়ে দুর্দান্ত ভঙ্গিতে পাকিস্তানের ডিফেন্স ভেদ করেন ফরোয়ার্ড অপু। সোজা বক্সে ঢুকে কোণাকুনি শটে বল পাঠান জালে, মুহূর্তেই ২-০ এগিয়ে যায় বাংলাদেশ।
বাকি সময় দুই দলই বেশ কয়েকটি আক্রমণ করলেও আর কেউ গোলের দেখা পায়নি। বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক ছিলেন শক্ত ও সুশৃঙ্খল, পাকিস্তানকেও প্রতিরোধ গড়তে হয়েছে বাংলাদেশের ধারালো আক্রমণ ঠেকাতে।
গ্রুপ পর্বে পাকিস্তান ছিল অন্যতম শক্তিশালী দল। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল তারা। এমনকি ভারতের সঙ্গে তাদের ম্যাচটিও ছিল রোমাঞ্চকর। কিন্তু আজকের সেমিফাইনালে এসে তারা একেবারেই ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশের গতিময় ফুটবলের কাছে।
এদিকে, দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। সেই ম্যাচের জয়ীর সঙ্গে ২৭ সেপ্টেম্বর শিরোপার লড়াইয়ে নামবে ফয়সাল-অপুরা।





