শাহিন আফ্রিদি আউট হতেই শারজা স্টেডিয়ামের গ্যালারি থেকে তাড়াহুড়ো করে বের হতে থাকেন পাকিস্তানি সমর্থকেরা। তখনই রশিদ খানের সামনে হ্যাটট্রিকের সম্ভাবনা। ধারাভাষ্যকার রমিজ রাজাও বলছিলেন, “এখান থেকে ম্যাচ জিততে হলে ডাবল মিরাকলেরও বেশি কিছু দরকার পাকিস্তানের।”
রশিদের হ্যাটট্রিক এড়ালেও সেই ওভারের পর ব্যাট হাতে হারিস রউফ কিছুটা তাণ্ডব চালান। কিন্তু তার লড়াই শুধু ব্যবধান কমানোতেই সীমাবদ্ধ ছিল। শেষ পর্যন্ত ১৮ রানে হেরে মাঠ ছাড়ে পাকিস্তান। আর এই জয়ে আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল।
‘প্রতিশোধ’ শব্দটি খেলাধুলার সঙ্গে মানায় না—তবু আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে তা প্রাসঙ্গিক। কারণ, সাম্প্রতিক সময়ে দুই দল মুখোমুখি হলে গ্যালারিতেই যেন যুদ্ধাবস্থা তৈরি হয়। তার ওপর সিরিজ শুরুর আগে আফগান অধিনায়ক রশিদ খান বলেছিলেন, “পাকিস্তানকে একটি ম্যাচেও জিততে দেব না।”
তবে শুরুর ম্যাচে তা হয়নি। উদ্বোধনী খেলায় আফগানিস্তানকে ৩৯ রানে হারায় পাকিস্তান। কিন্তু আজকের জয় দিয়ে পাল্টা জবাব দিয়েছে রশিদের দল।





