পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না, প্রয়োজনে রাস্তায় নামতে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ বাতিলের পর থেকে দিনটিকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে দলটি।
জিএম কাদের বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়। তাদের নিজস্ব দল আছে, যারা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে। তাদের পরামর্শেই সরকার চলছে। এখন একটি পাতানো নির্বাচনের প্রস্তুতি চলছে। এ অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। যত দেরি হবে, ক্ষতিও তত বাড়বে। শেখ হাসিনার মতো নেতা টিকতে পারেননি, আপনারাও পারবেন না।”
তিনি আরও বলেন, “যে ধরনের ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হয়েছে, এখন তার চেয়েও ভয়াবহ ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বাদ দেওয়া যায় না। যারা অপরাধ করেছে, তাদের বিচার হওয়া উচিত।”
জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, “দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির জন্য যদি নোবেল পুরস্কার থাকত, তা বর্তমান সরকারেরই পাওয়া উচিত ছিল। এখন দেশে প্রতি মাসে খুনের ঘটনা ঘটছে। মিল-ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, বিনিয়োগ আসছে না। দেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে—অনেকে মনে করেন, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। টিসিবির ট্রাকের পেছনে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াচ্ছে।”
এরশাদকে দূরদর্শী নেতা উল্লেখ করে জিএম কাদের বলেন, “এরশাদ উপজেলা ব্যবস্থা চালু করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন। পরে কায়েমি স্বার্থ রক্ষায় সেই ব্যবস্থা বাতিল করা হয়। এখন যা আছে, তা নামকাওয়াস্তে। আমরা ক্ষমতায় গেলে পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা বাস্তবায়ন করব।”
সভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়াসহ অন্য নেতারা।





