সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে পাথর লুটের অভিযোগে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্র এলাকায় পাথর লুটের ঘটনায় তাকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান আলমগীর আলমের বিরুদ্ধে সাদা পাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। তাকে ইসলামপুর এলাকা থেকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রাজনৈতিক পরিবর্তনের সুযোগে গত এক বছরে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন ও লুট চলেছে। পর্যটকদের জন্য জনপ্রিয় এই স্থানটি এখন প্রায় নির্জন এলাকায় পরিণত হয়েছে। ধু-ধু বালুচরে পুরো এলাকা ঢাকা পড়েছে।
স্থানীয়দের দাবি, গত এক বছরে সাদা পাথর এলাকা থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর উত্তোলন করা হয়েছে, যার বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি।





