ক্লান্ত দিনের শেষে গোসল শরীর ও মন দুইই তরতাজা করে। সেই পানিতে সামান্য লবণ মিশিয়ে নিলে এই আরাম আরও বাড়ে। প্রাচীনকাল থেকেই লবণপানিতে গোসল বা সল্ট বাথ শরীর শিথিল করা, ত্বক পরিষ্কার রাখা এবং মানসিক প্রশান্তির জন্য ব্যবহার হয়ে আসছে। সাধারণ খাবারের লবণ দিয়েও পাওয়া যায় বেশ কিছু উপকার।

ত্বকের যত্নে কার্যকর

লবণপানি ত্বকের জন্য কাজ করে এক ধরনের প্রাকৃতিক টনিক হিসেবে।

  • ডিটক্সিফাই করে: রোমকূপ পরিষ্কার করে জমে থাকা ময়লা ও টক্সিন কমায়।

  • স্ক্রাবের কাজ করে: লবণের দানা মৃত কোষ সরিয়ে ত্বক মসৃণ করে।

  • অ্যান্টি-মাইক্রোবিয়াল প্রভাব: ব্যাকটেরিয়া ও ছত্রাক কমায়। ব্রণ বা ত্বকের অ্যালার্জিতে উপকার পেতে পারেন।

  • স্কাল্প কেয়ার: খুশকি ও অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে।

পেশি ও জয়েন্ট ব্যথায় স্বস্তি

যারা নিয়মিত হাঁটেন, ব্যায়াম করেন বা ভারী কাজ করেন, তাদের জন্য লবণপানিতে গোসল বেশ আরামদায়ক।

  • পেশির টান কমায়: শরীর হালকা লাগে, ক্লান্তি কমে যায়।

  • বাতের ব্যথায় স্বস্তি: হালকা গরম লবণপানিতে গোসল জয়েন্ট ব্যথার চাপ কিছুটা কমাতে পারে।

মানসিক প্রশান্তি ও ঘুমের উন্নতি

  • স্ট্রেস কমায়: উষ্ণ লবণপানি স্নায়ুতন্ত্র শান্ত করে, মন হালকা হয়।

  • ঘুম ভালো হয়: পেশি ঢিলে হয়ে আসে, ফলে দ্রুত ও গভীর ঘুমে সহায়তা করে।

কীভাবে ব্যবহার করবেন

  • গোসলের পানিতে আধা কাপ থেকে এক কাপ পর্যন্ত সাধারণ লবণ বা সামুদ্রিক লবণ মেশান।

  • ইপসম সল্ট হলে প্যাকেটের নির্দেশিকা অনুসরণ করুন।

  • ১৫ থেকে ২০ মিনিট লবণ মেশানো পানিতে ভিজে থাকুন।

সতর্কতা

উচ্চ রক্তচাপ, গুরুতর ত্বকসংক্রমণ বা হৃদরোগ থাকলে লবণপানিতে গোসলের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পানি খুব গরম হওয়া বা লবণ বেশি ব্যবহার করা ঠিক নয়।